ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটির আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে সাময়িকভাবে জরুরি সতর্কতা জারি করে সিভিল ডিফেন্স।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। পরিস্থিতি পর্যালোচনার পর দুই শহর থেকেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল ডিফেন্সের নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ঘটনাস্থলের আশপাশে অপ্রয়োজনে ভিড় করা যাবে না। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও জনগণকে সতর্ক করা হয়েছে।
প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়ে যাওয়ার পর সৌদি আরবের সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে লোহিত সাগর ও এর আশপাশের কৌশলগত জলপথে হুতিদের তৎপরতা বাড়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানা গেছে। হুতিদের অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর হুতি বিদ্রোহীরা রাজধানী সানা নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে এবং হুতিদের মোকাবিলায় সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে সৌদি সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা পরিস্থিতির ওপর বাড়তি নজর রাখছে দেশটির কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস