ইরান একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটবে।
আইরিশ ওপেন গলফ টুর্নামেন্ট চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান বারবার যোগাযোগ করে চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি মেনে নেবে না, যেটিকে তিনি সঠিক চুক্তি হিসেবে বিবেচনা করবেন না।
যুক্তরাষ্ট্রে পেট্রোলিয়াম বা জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৬ ডলারের বেশি বেড়ে যাওয়ার পর কয়েক দিন আগে ট্রাম্প বলেছিলেন, আগামী ১৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম হঠাৎ কমে যাবে।
রোববারও একই প্রসঙ্গে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে, এমনকি নির্বাচনের আগেও এর অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, নিশ্চিতভাবেই নির্বাচনের ঠিক পরপর যুদ্ধ শেষ হবে এবং ডিজেলের দামও দ্রুত কমে যাবে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন নন জানিয়ে বলেন, এটি সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
ইরান জানিয়েছে, আগামীকাল ওমানে অনুষ্ঠেয় ওই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের শর্ত হলো—যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে যেতে হবে।
সদ্য সংবাদ/ এআর