সরকারের হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পেতে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে উদ্ধারে সহযোগিতা করলে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্বেচ্ছায় সরকারি হারানো অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে র্যাব। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, হারানো রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি) কিংবা স্নাইপার উদ্ধারে সহায়তা করতে পারলে তথ্যদাতাকে ২ লাখ টাকা করে দেওয়া হবে। শটগান, পিস্তল ও গ্যাস গানের ক্ষেত্রে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।
এ ছাড়া হারানো প্রতিটি সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের অবস্থান জানিয়ে উদ্ধারে সহযোগিতা করলে ১ হাজার ৫০০ টাকা এবং যেকোনো ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা হারে অর্থ পুরস্কার দেওয়া হবে।
র্যাব জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। তবে ১৫ নভেম্বরের পর কারও হেফাজতে হারানো সরকারি অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে কিংবা এসবের বিষয়ে তথ্য পাওয়া গেলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭ ও র্যাব সদর দপ্তর।
সদ্য সংবাদ/এসএস