টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ৩৬তম জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছার ঢল নেমেছে। বিশেষ এই দিনটি স্ত্রীর সঙ্গে উদযাপন করেছেন পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী। শুভশ্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসামাখা একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, হাতে লাল গোলাপের তোড়া নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন শুভশ্রী। পেছনে বাজছে অ্যাশ কিংয়ের গান। ভিডিওটির সঙ্গে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’। স্বামীর এমন আবেগঘন শুভেচ্ছা ঘিরে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।
জন্মদিনের সাজেও নজর কেড়েছেন অভিনেত্রী। চেকড প্রিন্টের কলারযুক্ত পোশাক, কোমরে বেল্টের নকশা, খোলা চুল ও গাঢ় লিপস্টিকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল তাঁকে। হাতে লাল গোলাপ আর মুখভরা হাসিতে শুভশ্রীর উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।
সম্প্রতি ‘দেশু৭’ সিনেমার প্রচারকে কেন্দ্র করে শুভশ্রী ও অভিনেতা দেবের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে জন্মদিনে রাজের প্রকাশ করা ভালোবাসার বার্তা ও উপহারের মুহূর্ত দম্পতির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
জানা গেছে, স্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনও করেন রাজ। বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় কেটেছে শুভশ্রীর বিশেষ দিনের রাত। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্তও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস