দেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত খবরকে গুজব উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কিছু এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে চার দিন গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। এ ধরনের প্রচারণার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে সংস্থাটির নজরে এসেছে।
এ অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধের খবর বিশ্বাস না করে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
সদ্য সংবাদ/এসএস