ভারতের আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া। দেশটির সরকার জানিয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। এ বিষয়ে ভারত সরকারকে কোনো নিশ্চয়তাও দেওয়া হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক লিখিত জবাবে বিষয়টি উঠে আসে।
মন্ত্রণালয় জানায়, ভারত ও মালয়েশিয়ার মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাকির নায়েককে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক আবেদন পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।
সরকারি জবাবে বলা হয়, ২০১৮ সালের ১৯ জানুয়ারি ভারত প্রথমবারের মতো জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এরপর ২০২০ সালের ২৯ মে আগের অনুরোধের বিষয়ে পুনর্বিবেচনা চেয়ে কূটনৈতিক নোট পাঠায় দেশটি।
মালয়েশিয়ার সংসদ সদস্য দাতুক ডা. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করে। তাঁর প্রশ্ন ছিল, ভারত সর্বশেষ কবে জাকির নায়েককে ফেরত চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে এবং প্রত্যর্পণের জন্য জমা দেওয়া নথি দুই দেশের চুক্তি ও মালয়েশিয়ার আইনের শর্ত পূরণ করে কি না।
উল্লেখ্য, ভারতে একাধিক মামলার ঘটনায় দেশটির কর্তৃপক্ষ জাকির নায়েককে খুঁজছে। তবে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়া সরকারের বর্তমান অবস্থান অপরিবর্তিত রয়েছে।
সূত্র: দ্য এজ মালয়েশিয়া
সদ্য সংবাদ/এসএস