ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল দেশটির কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) আভা, খামিস মুশাইত ও তায়েফ শহরের বাসিন্দাদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে তিনটি শহরকেই ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সিভিল ডিফেন্স পৃথক বিবৃতির মাধ্যমে জরুরি সতর্কতার বিষয়টি নিশ্চিত করে। দেশটির জাতীয় জরুরি সতর্কীকরণ প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল।
পরিস্থিতি পর্যালোচনার পর সিভিল ডিফেন্স জানায়, আভা, খামিস মুশাইত ও তায়েফে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। একই সঙ্গে নাগরিকদের সরকারি নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়।
সতর্কবার্তায় সম্ভাব্য ঘটনাস্থলে অযথা জড়ো না হওয়া এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি থেকে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত প্রকাশ করেনি। পাশাপাশি কোনো হতাহতের ঘটনা কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও জানানো হয়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত চলছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর পরের বছর, ২০১৫ সালের মার্চে, হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সেই সংঘাতের প্রেক্ষাপটেই সৌদি আরবের তিন শহরে সাম্প্রতিক সতর্কতা জারির ঘটনা সামনে এসেছে।
সদ্য সংবাদ/এসএস