দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার বাসিন্দা রাসেল মিয়া (৩২) ও আনোয়ার হোসেন (৩০)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। তৎকালীন এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে যশোর-৩-১১-১২৩৩ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
এ ঘটনায় এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর দীর্ঘ সময় ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম চলে। সবশেষে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
সদ্য সংবাদ/এসএস