ওমানের উপকূলীয় এলাকায় ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে রহস্যজনক আকাশযানের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাবিক। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘এমএসভি আল ইউসুফি’ নামের ট্যাঙ্কারটিতে হামলার সময় ১৪ জন ভারতীয় নাবিক অবস্থান করছিলেন। আঘাতে গুরুতর আহত হন গুজরাটের বাসিন্দা গন্ধর নহিম আজিজ। পরে তাঁর মৃত্যু হয়।
বিবৃতিতে মন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পর ওমানের কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান চালায়। এতে জাহাজের ১৩ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল খাতে নাবিক সরবরাহে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ভারত। ২০২৫ সালে দেশটির সক্রিয় নাবিকের সংখ্যা ছিল তিন লাখ ২০ হাজারের বেশি।
তবে জাহাজটিতে আঘাত হানা আকাশযানটির পরিচয় ও হামলার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য বিবৃতিতে জানানো হয়নি।
সূত্র: গালফ নিউজ
সদ্য সংবাদ/এসএস