নওগাঁ জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাব। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোরে জাকির হোসেন নবাব বুকে ব্যথাসহ অসুস্থতা অনুভব করেন। বিষয়টি জানার পর দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারাগারের জেলার জানান, ২০২৫ সালের ২০ জুন ঢাকায় গ্রেপ্তার হন জাকির হোসেন নবাব। পরে একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ঢাকা কারাগারে পাঠানো হয়। একই বছরের ১৯ অক্টোবর তাঁকে নওগাঁ জেলা কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে ওই মামলায় তিনি কারাবন্দি ছিলেন।
সদ্য সংবাদ/এসএস