রাজধানীর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
মাউশি জানিয়েছে, আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করবেন।
এ উপলক্ষে ঢাকা মহানগরীর যেসব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নাম সংযুক্ত তালিকায় রয়েছে, তাদের নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত করার ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মাউশির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস