জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে একটি A-10 Thunderbolt গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। হামলায় একটি A-10 যুদ্ধবিমানের একটি ডানা বিচ্ছিন্ন হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিবিএস।
প্রতিবেদন অনুযায়ী, আরও প্রায় আটটি F-15 যুদ্ধবিমান সামান্য ক্ষতির মুখে পড়ে। পরবর্তী সময়ে এসব বিমান পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে বলে জানা গেছে।
তবে যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। হামলার ক্ষয়ক্ষতি নিয়েও ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
এ হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা চলছিল। ওয়াশিংটনের দাবি, এর আগে একটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। পরে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে।
এর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে।
অন্যদিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, হামলার সময় দেশটির দিকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।
সদ্য সংবাদ/এসএস