যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত একটি পোস্টার ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পোস্টারটিতে ‘মি. সিং’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের রাস্তা থেকে সরে যেতে এবং গাড়ি চালানো নিয়ে কটাক্ষ করা হয়েছে। এতে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের জাতিগতভাবে নিশানা করা হয়েছে- এমন অভিযোগ উঠেছে।
জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’- এর আদলে তৈরি পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ‘মি. সিং’ নাম ব্যবহারের কারণে ভারতীয় ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্য করেই বার্তাটি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির মধ্যেই পোস্টারটি সামনে আসে। এতে অভিবাসীদের নিজেদের দেশে ফিরে যাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি সতর্ক করে বলা হয়, তাদের যুক্তরাষ্ট্রের রাস্তা থেকে সরে যেতে হবে। পোস্টারে ‘মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না’- এমন বক্তব্যও রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টারটি সমর্থন করে নিজেদের অবস্থান জানায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রে শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও প্রচারণায় যুক্ত করা হয়েছে।
তবে পোস্টারটির বিরুদ্ধে সরব হয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটির অভিযোগ, এটি অন্যায্য জাতিগত প্রোফাইলিংয়ের উদাহরণ। এ ঘটনায় এফবিআইয়ের তদন্ত দাবি করেছে তারা। একই সঙ্গে ‘ট্রান্সফর্মার্স’ ফ্র্যাঞ্চাইজির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
পোস্টারটির সমালোচনা করেছেন ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলাও। তার মতে, ‘সিং’ পদবিধারী মানুষের জন্য এ ধরনের প্রচারণা অপমানজনক। যুক্তরাষ্ট্রে তার দাদা ও প্রপিতামহের কর্মজীবনের ইতিহাস তুলে ধরে তিনি সরকারের এমন প্রচারণাকে বর্ণবাদী ও নিম্নমানের মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই প্রচারণা তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির অংশ। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরতে আগ্রহী অবৈধ অভিবাসীদের যাতায়াতের খরচ বহনের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার ঘোষণা রয়েছে।
সূত্র: টাইমস নাউ