বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সংলাপ, সমঝোতা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়।
ইরানের বিখ্যাত কবি ও চিন্তাবিদ ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ ও জালাল উদ্দিন রুমির সাহিত্য ও সৃজনশীল কর্ম এ অঞ্চলের মানুষের চিন্তা ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে ইরানের জনগণের প্রতি যে মমত্ববোধ ফুটে উঠেছে, সেটিও তুলে ধরেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ ও অস্থিরতার কারণে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো জ্বালানি সংকটসহ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় বিরোধ ও সংকট নিরসনে সংলাপ, সমঝোতা এবং কূটনৈতিক প্রচেষ্টার ওপর বাংলাদেশের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইরানে সংঘাতের ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ইরানের রাষ্ট্রদূত। এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ ও ইরান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত।
সদ্য সংবাদ/এসকে