রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকেলে মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে মামলাটির তদন্তভার ডিবির কাছে থাকায় তাকে তাদের কাছে বুঝিয়ে দেয় এসআরবি-২।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবির একটি দল ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওবায়দুর রহমানকে আটক করা হয়। মামলাটি যেহেতু ডিবি তদন্ত করছে, তাই তাকে সংশ্লিষ্ট তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। এখন মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা ও ভূমিকা যাচাই করা হবে।
সদ্য সংবাদ/এসএস