ইসরায়েলের আসন্ন নির্বাচন ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কূটনৈতিক তৎপরতার মধ্যে দেশটিতে সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। আগে থেকে ঘোষণা না দেওয়া এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট পক্ষগুলো।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার বিস্তারিত কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ছিলেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
সফরকালে ওই বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন হেগসেথ। এ বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘আমাদের দেশের সেরারা, এক ঐতিহাসিক মিশনে। ঈশ্বর আপনাদের সহায় হোন।’
ইসরায়েলের নির্বাচনের মাত্র আট দিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো। একই সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে