ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ একসঙ্গে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এবার দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান- সব ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক। এই দেশ সবার। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও সবার ওপর বর্তায়। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত পরিশ্রমের মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার খেটে খাওয়া মানুষসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাঁদের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি শ্রেণির শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের প্রয়োজন পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি আনন্দ ও উৎসবের সময়। এ উপলক্ষে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার সময় এ দেশের মানুষ ধর্মীয় পরিচয় ভুলে একসঙ্গে লড়াই করেছে। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই ঐক্য ধরে রাখতে হবে। কোনো ধর্মের মানুষকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।
সবশেষে প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ গঠনে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টা, পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সবার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে