শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে দিনভর তিন জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তাঁর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।
এরপর বেলা সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সোয়া ১টার দিকে রাজশাহীতে পৌঁছে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে বেলা সোয়া ২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।
বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জনসভা শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মহা নবমীতে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভা ঘিরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে