নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন। মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বনপাড়া এলাকায় আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও পাঁচজন।
দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে কাজ করেন স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার করা মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার পাশাপাশি নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসকে