যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমে এসেছে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। জ্বালানির উচ্চমূল্য নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগের মধ্যে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে এ চিত্র উঠে এসেছে রয়টার্স ও ইপসোসের এক জরিপে।
সোমবার শেষ হওয়া চার দিনের এ জরিপে দেখা গেছে, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের প্রতি সমর্থন এক শতাংশ পয়েন্ট কমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি ১০ জন নাগরিকের মধ্যে প্রায় তিনজন তাঁর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন।
কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এমন প্রশ্নে ডেমোক্রেটিক পার্টির পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে রিপাবলিকান পার্টিকে বেছে নিয়েছেন ৩৫ শতাংশ। অর্থাৎ, দুই দলের মধ্যে ডেমোক্র্যাটদের পক্ষে ব্যবধান ১২ শতাংশ পয়েন্ট। চলতি নির্বাচনী চক্রে এটিই দল দুটির মধ্যে সর্বোচ্চ ব্যবধান।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তাঁর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
জাতীয় পর্যায়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে দেখতে চান, তা জানতে ভোটারদের কাছে যে প্রশ্ন করা হয়, সেটি ‘জেনেরিক ব্যালট’ নামে পরিচিত। এ ধরনের জরিপ থেকে জাতীয় জনমতের একটি ধারণা পাওয়া যায়। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার ফলও গুরুত্বপূর্ণ। এসব লড়াইয়ে রিপাবলিকানদের কিছু কাঠামোগত সুবিধা রয়েছে।
অনলাইনে পরিচালিত জরিপটিতে অংশ নেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। জরিপের ফলাফলে সব উত্তরদাতার ক্ষেত্রে ভুলের সম্ভাব্য সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।
সদ্য সংবাদ/এআর