চলতি সেপ্টেম্বর মাসের শুরুতেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে গতি দেখা দিয়েছে। মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের ১৩ দিনের মধ্যে একদিনেই সর্বোচ্চ ১৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। ১৩ সেপ্টেম্বর প্রবাসীরা এই অর্থ দেশে পাঠান।
গত বছরের সেপ্টেম্বরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহও বেড়েছে। ওই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এ সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস