দুই দিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ জুলাই) আঙ্কারার এসেনবোয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরকালে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট কমপ্লেক্সে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, ন্যাটোর ভবিষ্যৎ, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন করবেন।
এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, জোটের সামরিক সক্ষমতা জোরদার, ইউক্রেনকে অব্যাহত সহায়তা এবং প্রতিরক্ষা শিল্পে নতুন বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে ইতোমধ্যে সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সম্মেলনে অংশ নিতে ন্যাটোর ৩২ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি জোটের গুরুত্বপূর্ণ অংশীদারদের নেতারাও আঙ্কারায় অবস্থান করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে ন্যাটো মিত্রদের প্রতি প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর আহ্বান জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রতিরক্ষা চুক্তি ও অস্ত্র উৎপাদন সম্প্রসারণের বিষয়েও সম্মেলনে একাধিক ঘোষণা আসতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।