নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের ভাষ্য, আসামিকে প্রথমবার গ্রেপ্তারের সময় দায়িত্বে অবহেলা করে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে বদলগাছী থানার এসআই অসিত কুমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সুপার জানান, রাকিবুলের বিরুদ্ধে আদালতে দায়ের করা সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁকে ধরতে অভিযান চালান এসআই অসিত কুমার। পুলিশের অভিযোগ, ওই সময় দায়িত্ব পালনে অবহেলার কারণে রাকিবুল সেখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পান।
ঘটনাটি জানতে পেরে ওই রাতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। তবে এর পরও ওই দিন ভোররাতে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন অসিত কুমার।
অভিযোগের বিষয়ে এসআই অসিত কুমার বলেন, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাকিবুল মোটরসাইকেলে করে পালিয়ে যান। এরপর তাঁকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন। তিনি বলেন, ছাত্রলীগের নেতা হওয়ার কারণে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সূত্র: চ্যানেল২৪
সদ্য সংবাদ/ এআর