ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবার তিনি নতুন রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন মাহফুজ আলম। পোস্টে তিনি বলেন, আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। জুলাই, যুবসমাজ ও বাংলাদেশের জন্য একটি দীর্ঘ যাত্রা শুরুর আহ্বান জানিয়ে তিনি কোনো আপস না করার কথাও উল্লেখ করেন।
এদিনই নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নিশ্চিত করেন। এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও যুক্ত হচ্ছেন না।
রোববার রাতেই ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন মাহফুজ আলম। সেখানে তিনি লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং এ দুটি সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর তিনি তাদের পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়ে এসেছেন।
পোস্টে তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন ও দায়-দরদের সমাজ গঠনের বিষয়ে তিনি ধারাবাহিকভাবে কথা বলেছেন। এসব বিষয় তার সহযোদ্ধারাও উল্লিখিত দুটি সংগঠন থেকে বললেও সেগুলো প্রকৃত অর্থে ধারণ করা হয়েছিল কি না, সে প্রশ্ন তোলেন তিনি। এনসিপিকে একটি বড় জুলাই আম্ব্রেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করাতে তিনি চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন।
মাহফুজ আলম আরও লেখেন, বিদ্যমান বাস্তবতায় তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এটি সত্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঢাকার কোনো আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের অবস্থান ধরে রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
পোস্টে তিনি বলেন, ইতিহাসের এই পর্বে বাংলাদেশ এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো পক্ষ না নিয়ে নিজের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ ও জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি বলেও তিনি মত দেন। গত দেড় বছরে যে কথা ও নীতিতে তিনি বিশ্বাস রেখেছেন, তা রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব উপায়ে অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
সবশেষে মাহফুজ আলম লেখেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব এবং বিকল্প ও মধ্যপন্থি তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।