যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি বাসায় পরিবারের তিন সদস্যকে অচেতন করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।
ভুক্তভোগীরা হলেন- নড়াইলের নড়াগাতী থানার কাঠাদুয়া গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) এবং তাদের সাত বছরের ছেলে মাসুদ। তারা বর্তমানে মুড়লী মোড় এলাকায় মোকাররম নামে এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৪টার দিকে জ্ঞান ফেরার পর তারা দেখতে পান, ঘরের একটি বক্স ভাঙা এবং সেখান থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নেই। তাদের ধারণা, অজ্ঞাত ব্যক্তিরা কোনোভাবে অচেতন করে এ ঘটনা ঘটিয়েছে।
পরে সকালে তাদের জ্ঞান ফিরলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সদ্য সংবাদ/এসকে