বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন কোস্টগার্ডের মহাপরিচালক।
সাক্ষাতে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মানবপাচার বন্ধ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় কোস্টগার্ডের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে নজরদারি বাড়ানোর জন্যও কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পানি দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিশাল উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সাক্ষাতে কোস্টগার্ডের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাপরিচালক। বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন পেট্রোল বোট ও আধুনিক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহের অগ্রগতি এবং পৃথক এভিয়েশন উইং প্রতিষ্ঠার বিষয়টিও তুলে ধরেন তিনি।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। জবাবে কোস্টগার্ডের উন্নয়ন ও কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস