রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি ভবনের পার্কিং এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করেছে সংস্থাটি।
রোববার (২০ সেপ্টেম্বর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন।
ডিবির তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনের সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ইবাদুর রহমান নামে ২৬ বছর বয়সী এক অটোরিকশাচালক আহত হন। ঘটনার পর থানায় মামলা করে তদন্ত শুরু হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার বংশাল এলাকা থেকে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।
সংস্থাটির ভাষ্য, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোডের একটি ভবনের পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানে ইটের খোয়ার বস্তার ভেতর থেকে একটি ব্যাগে রাখা চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
এরপর রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। তদন্তে বিস্ফোরণের পেছনে আর কারা জড়িত এবং ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডিবির কর্মকর্তা আরও দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে রায়হান ওই সংগঠনের বংশাল থানার একটি ইউনিটের দপ্তর সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানানো হয়। তার বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তার ও কারাগারে থাকার তথ্যও দিয়েছে ডিবি।
পুলিশের প্রাথমিক ধারণা, রাজধানীতে আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে এর পেছনের উদ্দেশ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অন্য কারও সম্পৃক্ততা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে পলাতক রাজনৈতিক নেতাদের যোগাযোগ ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি জানিয়েছে, তাদের মোবাইল ফোনে যোগাযোগের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সদ্য সংবাদ/এসএস