রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন। সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে কাজী রাকিব হোসাইনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। আধা-সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের পর থেকে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া অথবা রাষ্ট্রপতি তাকে এ পদে বহাল রাখতে না চাওয়া এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন তিনি দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কাজী রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি অংশের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
সদ্য সংবাদ/এসএস