শারদীয় দুর্গোৎসবের আয়োজনে অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর উপস্থিত ব্যক্তিদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। পরে সড়কপথে নগরীর গণকপাড়ায় অবস্থিত রাজশাহী ধর্মসভা মন্দিরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে অপেক্ষায় থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতিও শুভেচ্ছা জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সৈয়দপুরে যান তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। রংপুরের কর্মসূচি শেষ করে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে রাজনৈতিক কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। দুপুর থেকেই মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সভাস্থল প্রস্তুত করা, নগর পরিচ্ছন্ন রাখা এবং অন্যান্য আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর রাজশাহীর নেতাকর্মীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। দুর্গাপূজা উপলক্ষে তাঁর মণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের পর বিকেলে ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সদ্য সংবাদ/এসএস