শারদীয় দুর্গোৎসবের আনন্দে শামিল হতে রংপুরের ধর্মসভার রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মন্দিরে পৌঁছে পূজারিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেখানে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতারা তাঁকে স্বাগত জানান। পরে পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে উৎসবের আয়োজনে পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী। এ সময় মন্দির কমিটির হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপে আসা মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়।
রংপুরের ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর রাজশাহীতে গিয়ে আরেকটি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সদ্য সংবাদ/এসএস