হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অধিকার সংরক্ষণ, হয়রানি প্রতিরোধ এবং সেবার মান নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পালাক্রমে ২৪ ঘণ্টা বিমানবন্দরে তাদের দায়িত্ব পালন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিমানবন্দরে কোনো যাত্রীর বৈধ অধিকার লঙ্ঘিত হলে কিংবা তিনি কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।
এ জন্য বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ১ নম্বর গেটের পাশেই রয়েছে এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত। যাত্রীরা প্রয়োজন অনুযায়ী সেখানে সরাসরি উপস্থিত হয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন।
এ ছাড়া বিমানবন্দরে অবস্থানরত যাত্রীরা প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমেও অভিযোগ করতে পারবেন। এজন্য +৮৮০১৩০৪০৫০৬০৩ নম্বরে ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ বা প্রয়োজনীয় তথ্য জানানো যাবে।
যাত্রীরা চাইলে ই-মেইলের মাধ্যমেও তাদের অভিযোগ পাঠাতে পারবেন। এ জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো airport.magistrate.bd@gmail.com।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাত্রীদের বৈধ অধিকার সুরক্ষা, বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি, অধিকার লঙ্ঘন কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে যাত্রীদের নীরব না থেকে নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির মাধ্যমে বিমানবন্দরে যাত্রীসেবা আরও কার্যকর, নিরাপদ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস