কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্লিপার কোচ উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৃষ্টি হয় যানজটের।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি রয়েল পরিবহনের বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দিকে যাচ্ছিল দ্রুতগতির স্লিপার কোচটি। ভেকিনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রীর মধ্যে অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার পর আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, আহতদের কারও গুরুতর ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়নি।
এদিকে বাসটি মহাসড়কের মাঝখানে পড়ে থাকায় ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমদাস রায় বলেন, বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস