জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। আইনি বিষয়গুলো দেখভালের পাশাপাশি সভাপতির কার্যালয়ের সংশ্লিষ্ট আইনগত কার্যক্রমে তিনি কাজ করবেন বলে জানা গেছে।
খলিলুর রহমানের সভাপতির দপ্তরে বিভিন্ন দায়িত্বে রয়েছেন ৪০ জন কর্মকর্তা ও কর্মী। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে আব্দুল আলিমকে দপ্তরের ডেপুটি চিফ অব ক্যাবিনেটের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করবেন।
তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মাফিজুল ইসলাম। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে রয়েছেন জাকির আহমেদ। আর বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মো. রফিকুল আলম মোল্লা।
গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সভাপতিত্বে চলমান অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
অন্যদিকে, খলিলুর রহমানের দপ্তরে ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় যুক্ত। বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জাতিসংঘসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হন না। সভাপতির পদটির সঙ্গে সংশ্লিষ্ট বেতন-ভাতা, আবাসন ও অন্যান্য ব্যয়ের একটি বড় অংশ সাধারণত সংশ্লিষ্ট দেশ বা সরকারের পক্ষ থেকে বহন করা হয়। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট কিংবা ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহের সুযোগ রয়েছে।
সদ্য সংবাদ/এসএস