কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। তিন ইউনিটের পরীক্ষা আগামী বছরের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরে বিকেল ৫টার দিকে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এই ইউনিটের আওতায় রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ।
পরদিন ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন।
এ ছাড়া ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধা এবং যাতায়াতের চাপ কমানোর বিষয়টি বিবেচনায় রেখে একাধিক শহরে পরীক্ষার কেন্দ্র রাখার পরিকল্পনা করা হয়েছে। কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তাজনিত সমস্যা কমাতেই কুমিল্লার বাইরে আরও দুটি শহরে কেন্দ্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস