ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের কর্মসূচি বন্ধ করে সেখান থেকে সরে যেতে বলে। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে ধর্না অব্যাহত রাখেন মমতা ও তাঁর দলের নেতারা। পরে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁদের আটক করা হয়।
আটকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতাদের একটি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, একই দিনে দিল্লি পুলিশের হাতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও আটক হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁকে থানায় না নিয়ে দিল্লির বিভিন্ন সড়কে ঘোরানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
একই দিনে দুই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীকে আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়নি।
সদ্য সংবাদ/এসএস