ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে বর্তমান সরকারের পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমার চলে যাবেন। এই সরকার চলে যাবে।’ এরপর তিনি বলেন, ‘এরপর গণতন্ত্রের মেরামত শুরু হবে।’ পোস্টের শেষে ভারতের জাতীয় পতাকার ইমোজিও যুক্ত করেন তিনি।
ভারতে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর আপত্তির মধ্যে রাহুলের এ বক্তব্য সামনে এল। ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং এসআইআরের বিরোধিতাকারী অন্যান্য রাজনৈতিক পক্ষও প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানিয়ে আসছে।
তবে এ ইস্যুতে সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়নি কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন। সেখানে তাঁর রাজনৈতিক মিত্র ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তির মধ্যেই রাহুল গান্ধীর নতুন এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সদ্য সংবাদ/এসএস