যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তে ফিরে যাওয়াকে চীন সমর্থন করে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং এ অবস্থান তুলে ধরেন বলে জানিয়েছে সিনহুয়া।
জুনে স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকে লড়াই বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল। তবে পরবর্তী সময়ে আবার লড়াই শুরু হলে সমঝোতাটি বাতিল হয়ে যায়।
এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ বিষয়ে আলোচনা আর এগোয়নি। তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বেইজিংকে দীর্ঘদিন ধরে এ ধরনের আলোচনায় সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়ে আসছে।
তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার আহ্বান
সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গেও কথা বলেন শি জিনপিং। তিনি ট্রাম্পকে বলেন, ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট।
চীনা প্রেসিডেন্ট তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে এবং বিষয়টি বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানিয়েছে সিনহুয়া।
স্বশাসিত তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে থাকে। সূত্র: আল-জাজিরা
সদ্য সংবাদ/ এআর