বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ উৎসব।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়ার ঐতিহাসিক সোনতলা ব্রিজসংলগ্ন করতোয়া নদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘মাওলানা রফিকুল ইসলাম খান নৌকা বাইচ প্রতিযোগিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
উৎসবের প্রথম দিনেই করতোয়া নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। নৌকা বাইচ দেখতে উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী হাজারো দর্শনার্থী সোনতলা এলাকায় জড়ো হন। মানুষের পদচারণায় পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। কাড়া-নাকড়া, ঢাক-ঢোল ও দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লাদের বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে করতোয়া নদী। পাশাপাশি সারিয়ালদের জারি-সারি গান ও লোকজ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
বর্ণিল এ আয়োজন উপভোগ করতে নদীর তীরে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী। নৌকা বাইচকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন। ফলে পুরো সোনতলা এলাকা হয়ে ওঠে উৎসবের প্রাণকেন্দ্র।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের মাধ্যমে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। আগামী ২৬ সেপ্টেম্বর সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের ‘মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ উৎসব (সিজন-২)’।
সদ্য সংবাদ/ এআর