বিলাসবহুল ফ্যাশন, তারকাদের উপস্থিতি আর চোখধাঁধানো আয়োজন- সব মিলিয়ে জমে উঠেছিল ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো। তবে এবারের আয়োজনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। কারণ, র্যাম্পে তার পরা বিশেষ অন্তর্বাসটির মূল্য প্রায় ৬১৮ কোটি টাকা!
রোববার অনুষ্ঠিত এই ফ্যাশন শোতে ‘ফ্যান্টাসি ব্রা’ পরে হাজির হন ২৯ বছর বয়সী কাইলি জেনার। মূল্যবান এই অন্তর্বাসটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও ৪ হাজার ৪১০টি হীরা দিয়ে। এর দাম ৫ কোটি মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ৬০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৮ কোটি টাকা।
ফ্যাশন দুনিয়ায় ‘ফ্যান্টাসি ব্রা’ দীর্ঘদিন ধরেই ভিক্টোরিয়াস সিক্রেট শোর অন্যতম আকর্ষণ। ১৯৯৬ সালে মডেল ক্লদিয়া শিফার প্রথম এই বিশেষ অন্তর্বাস পরে র্যাম্পে হাঁটেন। এরপর থেকে এটি পরার সুযোগ পাওয়া নির্বাচিত মডেলদের জন্য বিশেষ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
তবে কাইলি জেনারকে এবার এই অন্তর্বাস পরার জন্য বেছে নেওয়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ভক্ত তার নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, অভিজ্ঞ কোনো সুপারমডেলকে এই সুযোগ না দেওয়ায় ব্র্যান্ডটির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
‘দ্য কার্দাশিয়ানস’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া কাইলি জেনার ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জগতেও সুপরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। এবারের শোতে তার পোশাকের মূল্য তাই আয়োজনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
এদিকে, তারকাবহুল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার ও নিকোল কিডম্যানের মতো পরিচিত মুখ। র্যাম্পে হাঁটেন জোয়ান স্মলস, ক্যান্ডিস সোয়ানেপোল, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো মডেলরা। বেলা হাদিদের র্যাম্পে হাঁটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
ফ্যাশন শোতে ছিল সংগীতের আয়োজনও। সরাসরি পরিবেশনায় অংশ নেন ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন ও টেট ম্যাকরে। তারকাদের উপস্থিতি, সংগীত পরিবেশনা এবং কাইলি জেনারের বহুমূল্য অন্তর্বাস- সব মিলিয়ে এবারের আয়োজন নিয়ে ফ্যাশনপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
সদ্য সংবাদ/এসকে