ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৭:১৪:০৮
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কের মধ্যে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মতোই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঘটনাকে বিতর্কিত করার চেষ্টা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা অতীতেও দেখা গেছে। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন নিয়েও কিছু মহল প্রশ্ন তোলার চেষ্টা করছে। গণতন্ত্রে বিশ্বাসী সবার প্রতি তাঁর আহ্বান, এ গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করে কোনো বক্তব্য বা দাবি থাকলে তা সংসদে তুলে ধরতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়েছে। তাই জনগণের যেকোনো দাবি, সমস্যা ও মতামত উপস্থাপনের জন্য সংসদ একটি গুরুত্বপূর্ণ জায়গা।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে সব ধর্ম, মত ও পেশার মানুষ অংশ নিয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ রাজপথে নেমেছিলেন।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। ভবিষ্যতেও যেন সবাই শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ধর্ম পালন ও নাগরিক অধিকার ভোগ করতে পারেন, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার শুধু যারা ভোট দিয়েছেন, তাঁদের জন্য নয়; যারা ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করতে চায়। দেশের সব অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভারসাম্য বজায় রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের মানুষ যে ধরনের রাজনৈতিক চর্চা দেখেছে, সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। এ পরিবর্তন বাস্তবায়নে জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মন্দিরের পূজারি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে সড়কপথে রংপুরে পৌঁছে দুপুর ১২টার দিকে মন্দিরে যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম রংপুর সফর।

রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীতে যাওয়ার কথা রয়েছে। সেখানে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে সদ্য. পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি গাড়ি কিনবে সরকার সদ্য. গ্রামেও এলপিজির দাপট, দামে নাকাল গ্রাহক