নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় ডিজিটাল পর্দায় শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত চলার সময় মঞ্চের পেছনের ডিজিটাল স্ক্রিনে শেখ হাসিনার ছবি দেখা যায়।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তারা নোটিশের জবাবও দিয়েছেন।
ঘটনাটি তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত চলাকালে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংগীতের সময় বিষয়টি অতিথিদের নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন প্রতিবাদ জানান। পরে ডিজিটাল পর্দার পরিবর্তে শুধু অডিওতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে শৃঙ্খলাজনিত বিষয় হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয়। অন্যদিকে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক ও আয়োজকদের দাবি, অনুষ্ঠান আয়োজনের ব্যস্ততার মধ্যে প্রজেক্টরে চালানোর জন্য নির্বাচিত ইউটিউব ভিডিওটি আগে যাচাই করা সম্ভব হয়নি। এর ফলেই অনিচ্ছাকৃতভাবে ওই ছবি প্রদর্শিত হয়।
এদিকে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর সাবেক সভাপতি ছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস