টানা ভারী বৃষ্টিতে পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। তবে প্রথম দিন যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলক কম।
এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, পানির স্তর কমে আসার পর জরুরি প্রকৌশল ব্যবস্থা নিয়ে রেললাইন চলাচলের উপযোগী করা হয়েছে। নিচু অংশে জমে থাকা পানির কারণে লাইন লিফটিং করে রেললাইন পানির স্তরের ওপরে তোলা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও এই রুটে চলাচল করবে।