নরসিংদী-২ (পলাশ) আসনের নির্বাচনে জোটের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন এগারো দলীয় জোটের শরিক এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। তিনি দাবি করেছেন, জোটের ভোট বিভক্ত হওয়ায় বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার অভিযোগ করেন, জোটের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় জোটের ভোটে ভাঙন দেখা দেয়। ব্যালটে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না থাকলে এবং তৃণমূল পর্যায়ে জোটের পক্ষে অবিভক্তভাবে কাজ করা হলে নরসিংদী-২ আসনে এগারো দলীয় জোট অন্তত ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হতে পারত।
তিনি আরও দাবি করেন, পলাশে জোট কার্যকর না থাকায় ভোটারদের একটি অংশ ধানের শীষ প্রতীকে ভোট দেন। একই সঙ্গে নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও তোলেন তিনি। তার মতে, জোটের নিষ্ক্রিয়তাও ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে।
জামায়াত প্রার্থী আমজাদের বিরুদ্ধে সরাসরি ‘গাদ্দারি’র অভিযোগ এনে সারোয়ার তুষার বলেন, 'আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।'
নির্বাচনে তাকে একযোগে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের বিরুদ্ধে লড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না থাকলে ফলাফল ভিন্ন হতে পারত বলেও দাবি করেন তিনি।