নির্বাচনে পরাজয়ের পর ভাঙনের সুর তৃণমূলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের সুরক্ষিত রাজনৈতিক দুর্গে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দেড় দশক ধরে ভারতীয় জনতা পার্টির লাগাতার চাপ সামলেও যে দল নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরেছিল, নির্বাচনী বিপর্যয়ের পর সেই অবস্থান এখন নড়বড়ে হয়ে উঠেছে।

অতীতে দলের অভ্যন্তরীণ কোন্দল থাকলেও ধারাবাহিক নির্বাচনী সাফল্যের আড়ালে তা চাপা পড়ে যেত। কিন্তু এবারের পরাজয়ের পর দলজুড়ে অসন্তোষ, ক্ষোভ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল, তাঁর প্রতি আনুগত্য এবং দলের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন।

এই অসন্তোষ সবচেয়ে স্পষ্ট হয়েছে বর্ষীয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের পদত্যাগের ঘটনায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠানো চিঠিতে তিনি শুধু পদত্যাগই করেননি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে দল পরিচালনায় পুরোনো ও পরীক্ষিত পদ্ধতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান আইপ্যাকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। প্রশান্ত কিশোরের নেতৃত্বে ২০২১ সালের নির্বাচনে এই প্রতিষ্ঠান তৃণমূলকে ২৯৪ আসনের মধ্যে ২১৫টিতে জয় এনে দিয়েছিল। তবে কাকলির অভিযোগ, আইপ্যাকের তরুণ সদস্যরা মাঠপর্যায়ের প্রবীণ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং তাঁদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেছে।

তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকে মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাকলি বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি দলজুড়ে দুর্নীতি ও অপরাধপ্রবণতার বিস্তার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দলের এই অধঃপতন আমি মেনে নিতে পারছি না।’

কাকলির এই বক্তব্যের পর দলের আরেক বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তাঁর সমালোচনা করেন। একই সময়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তৃণমূল পাঁচ সদস্যের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে। এরই মধ্যে দলের মুখপাত্র ঋজু দত্তকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

দলের অভ্যন্তরীণ অস্বস্তি আরও বেড়েছে তিন কাউন্সিলর—আনিসুর রহমান, বীণা মণ্ডল ও মোহাম্মদ আব্দুল মতিনের কর্মকাণ্ডে। তাঁরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তৃণমূলের একটি অংশ দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এ ছাড়া তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কক্ষে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও তাঁরা একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন, তবু গত সপ্তাহে দিল্লির একটি সরকারি অতিথিশালায় ঋতব্রতকে শুভেন্দুর সঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।

একসময় দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ইন্দ্রনীল সেন, শশী পাঁজা, ব্রাত্য বসু, মলয় ঘটক ও অরূপ বিশ্বাসের মতো নেতাদেরও এখন জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে। এর মধ্যে গত ১১ মে নিয়োগ দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। এতে দলের সংকট আরও গভীর হয়েছে।

এর মধ্যেই দুর্নীতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর ঘনিষ্ঠ শামীম গাজীর পাটখেত থেকে আরও ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীপঙ্করের কাছে আরও বিপুল পরিমাণ অর্থ ও সোনার গয়না রয়েছে। এসব অবৈধ সম্পদ উদ্ধারে সরকারি হস্তক্ষেপের দাবিও তুলেছেন তাঁরা।

তৃণমূলে যোগ দেওয়ার আগে দীপঙ্কর রাজমিস্ত্রির কাজ করতেন এবং স্কুটার চালাতেন। পরে দলীয় প্রভাব বাড়িয়ে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ফল প্রকাশের ২০ দিন পরও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিতে পারছেন না। গত ২৪ মে এক ফেসবুক সরাসরি সম্প্রচারে তিনি দাবি করেন, ষড়যন্ত্র করে তাঁদের ১৫০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত চার দশকের মধ্যে এবারই প্রথম তিনি লোকসভা বা বিধানসভার কোনো কক্ষের সদস্য নন।

সম্প্রতি ভোট-পরবর্তী সহিংসতার শিকার দলীয় কর্মীদের পক্ষে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা এনডিটিভিকে জানিয়েছেন, দলটি এখন ‘মা, মাটি, মানুষ’-এর মূল আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। সাধারণ কর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে আইপ্যাকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য করা হয়েছে। ক্ষুব্ধ এক নেতা এনডিটিভিকে জানান, পঞ্চায়েতের পদ থেকে শুরু করে বিধানসভার টিকিট দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের টাকা দাবি করা হতো।

একসময় ‘মা, মাটি, মানুষ’-এর আদর্শে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেস এখন নানা দুর্নীতি, দলীয় কোন্দল ও নেতৃত্ব সংকটে জর্জরিত। দেড় দশকের শাসন হারানোর পর দলটি এখন অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা