মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনের সীমার মধ্যে থেকে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান আরও জানান, দুই হাজারের বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে বর্তমানে মালয়েশিয়ার আটকাবস্থায় রয়েছেন, তাদের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি বলেন, আগামীকাল মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব সুবিধা আদায় করে সরকার সেই চেষ্টা চালাবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে অবস্থান করা হয়, সে দেশের আইন মেনে চললে নানা জটিলতা এড়ানো সম্ভব।
এ সময় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণে সরকারের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি বিদেশগামী শ্রমিকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ভাষা শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।