কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা রয়েছেন।
সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে কাতারএনার্জির প্রধান নির্বাহী আল-কাবি জানান, রবিবার (২১ জুন) সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম শুরুর সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা রয়েছেন।
জ্বালানিমন্ত্রী আল-কাবি আরও জানান, নিহতদের জাতীয়তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে তারা ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন।
কাতারএনার্জি জানায়, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও আগুনের বিশাল শিখা ও ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণে কারখানার কতটা ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং সহায়তার জন্য দুটি হেল্পলাইন নম্বর ও ই-মেইল চালু করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিশ্বের অন্যতম বৃহৎ এই এলএনজি কেন্দ্রটি সাম্প্রতিক সংঘাতের কারণে আগেও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।