দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও আইনি ব্যবস্থা সহজ করতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ব্যবহারকারীরা chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে সরাসরি চাঁদাবাজির অভিযোগ জানাতে পারবেন।
ওয়েবসাইট চালুর পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ জমা পড়তে শুরু করে। নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ইতোমধ্যে ৩৭১টি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ জানাতে হবে। এতে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, যে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যাশা করা হচ্ছে, সেখানে চাঁদাবাজদের কোনো স্থান থাকবে না।