১৭ দিনেই প্রত্যাহার সদরঘাট থানার ওসি, আলোচনায় ডিও লেটার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় পরিদর্শক মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। অভিযোগ উঠেছে, বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাঠানো একটি আধা সরকারি চিঠির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীর সই করা এক আদেশে মুহাম্মদ শরীফকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে অন্য একটি নির্বাচনী এলাকার সংসদ সদস্যের সুপারিশের পর চট্টগ্রামের একটি থানার ওসিকে প্রত্যাহারের ঘটনা পুলিশ প্রশাসনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই ওসি মুহাম্মদ শরীফকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একজন উপপুলিশ কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পক্ষপাত, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আধা সরকারি চিঠি পাঠান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। ওই চিঠিতে প্রতিমন্ত্রীর পাঠানো আধা সরকারি চিঠিরও উল্লেখ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মুহাম্মদ শরীফের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থসংশ্লিষ্ট অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে। তদন্ত শেষে নেওয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মুহাম্মদ শরীফ। তাঁর দাবি, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে এক আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে তোলা একটি ছবি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়মের সঙ্গে তিনি জড়িত নন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সদরঘাট থানায় যোগদানের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দেওয়া হচ্ছিল। কয়েক দিন আগে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর কাছ থেকে ব্যাখ্যাও নেন। এর মধ্যেই আধা সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

গত ১৮ জুন চট্টগ্রাম মহানগর পুলিশের এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখা থেকে মুহাম্মদ শরীফকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে অভিযোগের পর তাঁকে সেখান থেকেও প্রত্যাহার করে গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়। তিনি ২০২৪ সালের ১৭ ডিসেম্বর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা