বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার হাতে থাকা হাতকড়াও নিয়ে যায় স্থানীয়রা। পরে আলোচনা ও সমঝোতার মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়াকে আটক করে পুলিশ। এ সময় একদল স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে হাতকড়া পরা অবস্থাতেই তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর হাতকড়া হারিয়ে বিপাকে পড়ে পুলিশ। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হাতকড়া খুলে তা ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভূঁইয়া। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে মামলা হয়েছে এবং সেতুসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।