মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশ পরিচয়ে ইজিবাইক ভাড়া নিয়ে প্রতারণার মাধ্যমে চুরির ঘটনায় চাকরিচ্যুত এক সেনা সদস্য ও এক সাবেক পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ দুপুরে রাজৈর উপজেলার সাধুর ব্রিজের পূর্ব ঢালে যাত্রী ওঠানোর অপেক্ষায় ছিলেন এক ইজিবাইক চালক। এ সময় এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে রাজৈর থানার মোড়ে যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করেন। থানার মোড়ে পৌঁছানোর পর আরও একজন ব্যক্তি পুলিশ পরিচয়ে এসে মজুমদারকান্দি এলাকায় একটি অভিযানে যাওয়ার কথা বলে চালককে ইজিবাইক থেকে নেমে সামনে যেতে বলেন।
চালক কিছু দূরে গেলে পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলে আসা আরও দুই সহযোগীর সহায়তায় একজন ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। অপর সহযোগীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক ফিরে এসে তাঁর প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি না পেয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সুজন মোল্লা (২৮), চাকরিচ্যুত সেনা সদস্য; মো. লিমন মিয়া (৩৫), চাকরিচ্যুত পুলিশ সদস্য; এবং মো. সাকায়েত মুন্সী (৩৫)। তাঁদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে চাকরিচ্যুত এই সাবেক সেনা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত করে আসছিল। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার না হওয়া ইজিবাইকটি উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে।